বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলায় অনলাইন বেটিং ও জুয়ার বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে জুয়ার নেটওয়ার্ক পরিচালনার অভিযোগে এক নারীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। সোমবার (২০ জুলাই) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আটক হওয়া রুনা পারভীন (৩০) উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের সাতমাইল মোড়লপাড়া গ্রামের নুরুল আমিনের মেয়ে। রোববার (১৯ জুলাই) রাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, সাতমাইল এলাকার দেলবার মণ্ডলের বাড়িকে কেন্দ্র করে একটি চক্র ই-ট্রানজেকশন ও অবৈধ ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে বিভিন্ন নিষিদ্ধ অনলাইন বেটিং সাইট পরিচালনা করছে। এমন তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের উপ-পরিদর্শক (এসআই) জয়নুল আবেদীনের নেতৃত্বে একটি দল সেখানে অভিযান চালায়।
রাত সাড়ে ৯টার দিকে অভিযান শুরু হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে চক্রের কয়েকজন সদস্য পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে রুনা পারভীনকে আটক করতে সক্ষম হয় পুলিশ। এ সময় তার কাছ থেকে অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত বিভিন্ন আইএমইআই (IMEI) নম্বরযুক্ত সিমসহ দুটি দামি স্মার্টফোন জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক নারী দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ার কার্যক্রমের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে ডিবি পুলিশ।
এ ঘটনায় এসআই জয়নুল আবেদীন বাদী হয়ে শার্শা থানায় জুয়া আইন ও ডিজিটাল অপরাধ-সংক্রান্ত প্রযোজ্য ধারায় একটি মামলা দায়ের করেন। পরে সোমবার দুপুরে রুনা পারভীনকে যশোরের আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ডিবি পুলিশের দাবি, অনলাইন জুয়ার এই চক্রের সঙ্গে জড়িত পলাতক সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।