বিবিএস নিউজ ডেস্ক: বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণের গণভোটের রায় বাস্তবায়নে তারা আপসহীন। সংসদ তা গ্রহণ করুক বা না করুক, জনগণের ‘সুপ্রিম উইল’-এর প্রতি সম্মান দেখিয়ে এ রায় বাস্তবায়ন করে ছাড়বেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
সোমবার (৬ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে জাতীয় গণতান্ত্রিক পার্টি—জাগপার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, অতীতেও জনগণের শক্তির মাধ্যমেই গুরুত্বপূর্ণ দাবি আদায় হয়েছে। কেয়ারটেকার সরকারের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, সংসদে বিল প্রত্যাখ্যাত হলেও পরে জনআন্দোলনের মাধ্যমে তা বাস্তবায়ন সম্ভব হয়েছিল। এবারও একইভাবে জনগণকে সঙ্গে নিয়েই দাবি আদায় করা হবে বলে জানান তিনি।
তিনি অভিযোগ করেন, সংসদে ইতিবাচক বিতর্কের মাধ্যমে গণমানুষের প্রত্যাশা প্রতিফলনের সুযোগ দেওয়া হয়নি। ফলে তারা জনগণের কাছেই ফিরে গিয়ে আন্দোলন গড়ে তোলার পথ বেছে নিয়েছেন। গত শনিবার শুরু হওয়া কর্মসূচিকে আন্দোলনের সূচনা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এটি কোনো দল বা গোষ্ঠীর জন্য নয়, বরং দেশের ১৮ কোটি মানুষের স্বার্থে পরিচালিত হবে।
জ্বালানি সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিরোধীদলীয় নেতা বলেন, তেলের পাম্পে দীর্ঘ লাইন ও ভোগান্তি সরকারের দুর্বল ব্যবস্থাপনারই ফল। সংসদে এ বিষয়ে কথা বলার সুযোগ না দেওয়ারও অভিযোগ করেন তিনি। একই সঙ্গে তিনি আশঙ্কা প্রকাশ করেন, জ্বালানি সংকটের কারণে কৃষি উৎপাদন ব্যাহত হয়ে খাদ্য সংকট আরও বাড়তে পারে।
শিক্ষা খাতে সম্ভাব্য প্রভাব নিয়েও সতর্ক করে তিনি বলেন, সংকট মোকাবিলার নামে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দিলে ভবিষ্যৎ প্রজন্ম মারাত্মক ক্ষতির মুখে পড়বে। শিক্ষাকে সর্বশেষ বিকল্প হিসেবে বিবেচনা করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, সংসদে বিরোধী দলের সদস্যরা জনগণের স্বার্থ রক্ষায় ভূমিকা রাখবেন এবং কোনো ধরনের অন্যায় বা অনিয়মের কাছে মাথা নত করবেন না।
জাগপার সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন জাগপার সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান, আইনজীবী ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবীর, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাসিনুর রহমান, সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেনসহ দলটির অন্যান্য নেতারা।