নিজস্ব প্রতিনিধি: যশোরের বিভিন্ন সীমান্ত দিয়ে পালাতক ফেরারি আসামীদের অবৈধ অনুপ্রবেশ রোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত নিরাপত্তা জোরদার এবং অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেছে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন।
এ উপলক্ষে রবিবার (১৫ নভেম্বর) বিকেল ৩টায় যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের হলরুমে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম আলম সাইফুল আলম খান।
মতবিনিময় সভায় বিজিবি অধিনায়ক বলেন, দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে পালাতক ফেরারি আসামীদের পক্ষ থেকে অপপ্রচার চালানো হচ্ছে। দলটির নেতাকর্মী ও সহযোগীরা যাতে কোনোভাবেই সীমান্ত দিয়ে অবৈধভাবে দেশে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অপরাধ, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবি নিরলসভাবে কাজ করছে। এ ক্ষেত্রে গণমাধ্যমকর্মীদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ এবং সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
বিজিবি ও সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা এবং তথ্য আদান-প্রদানের মাধ্যমে সীমান্ত এলাকার অপরাধ নিয়ন্ত্রণ আরও সহজ হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন ব্যাটালিয়ন অধিনায়ক।
সভায় যশোর ও বেনাপোল অঞ্চলে কর্মরত
বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকা, টেলিভিশন এবং অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ সময় সাংবাদিকরা সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালানসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে তাঁদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।