শার্শা প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে আলী রেজা রাজু (৩২) নামে এক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তাকে আটক করেছে শার্শা থানা পুলিশ।
আটক আলী রেজা রাজু উপজেলার লাউতাড়া গ্রামের মৃত মোবারক হোসেনের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী তরুণী শার্শা সরকারি নাভারণ মহিলা কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। প্রায় এক বছর আগে ঘটকের মাধ্যমে রাজুর সঙ্গে তার পরিচয় হয়। সে সময় অভিযুক্ত চার মাসের মধ্যে বিয়ের প্রতিশ্রুতি দিলে তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ শুরু হয়। একপর্যায়ে সেই পরিচয় ঘনিষ্ঠ সম্পর্কে রূপ নেয়।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত ১৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত প্রায় ৯টার দিকে রাজু ভুক্তভোগীর বাড়িতে গিয়ে তার শয়নকক্ষে প্রবেশ করেন। সেখানে বিয়ের প্রতিশ্রুতির সুযোগ নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে।
পরবর্তীতে তরুণী বিয়ের বিষয়ে চাপ দিলে অভিযুক্ত নানা অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন। বিষয়টি পরিবারের সদস্যদের জানানো হলে উভয় পরিবারের মধ্যে বিয়ের বিষয়ে আলোচনা হয়। তবে শেষ পর্যন্ত রাজু ওই তরুণীকে বিয়ে করতে অস্বীকৃতি জানান বলে অভিযোগে বলা হয়েছে।
ভুক্তভোগী পক্ষ জানায়, স্থানীয়ভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করা হলেও তা সফল হয়নি। পরে পারিবারিক সিদ্ধান্তে কয়েকজন সাক্ষীর নাম উল্লেখ করে শার্শা থানায় মামলা দায়ের করা হয়।
এ বিষয়ে শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন বলেন, ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে ধর্ষণ মামলা রুজু করা হয়েছে। মামলার প্রধান আসামি আলী রেজা রাজুকে আটক করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।