রবিবার, ০৭ জুন ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
বিবিএস নিউজ ডেস্ক: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের কালিহাতিতে রডবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৮ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
শনিবার ভোরে যমুনা সেতুর পূর্বপ্রান্তের কালিহাতি উপজেলার সরাতৈল এলাকায় এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মহাসড়কজুড়ে সৃষ্টি হয় হৃদয়বিদারক পরিস্থিতি। স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উদ্ধারকাজে অংশ নেন।
যমুনা সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফুয়াদ রোহানী জানান, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি রডবোঝাই ট্রাক ভোর প্রায় ৫টার দিকে সরাতৈল এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ট্রাকটি সড়কে উল্টে যায়। ট্রাকে থাকা শ্রমিক ও যাত্রীরা ছিটকে পড়ে ঘটনাস্থলেই বহু হতাহতের ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহত ১৫ জনের মধ্যে ৬ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তারা হলেন— নওগাঁর মান্দা উপজেলার সাকিম মিয়ার ছেলে মো. সাগর মিয়া (২০), একই উপজেলার শহিদুল ইসলামের ছেলে রবিউল ইসলাম (২৫), নেয়ামতপুর উপজেলার সাইদুলের ছেলে সারিকুল (২৫), রাজশাহীর তানোর উপজেলার আলতাফ হোসেনের ছেলে ইসমাইল হোসেন (১৯), চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নজরুল (৬০) এবং চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মামুন (৪৫)।
আহতদের মধ্যে রয়েছেন নওগাঁর মান্দা উপজেলার মজিবরের ছেলে বাবু, একই উপজেলার আব্দুল রহিমের ছেলে আব্দুল রহমান, সফেদ আলীর ছেলে আলমগীর, ছোরহাব আলীর ছেলে সিদ্দিক আলী, মৃত সাহেব আলীর ছেলে খোরশেদ, শহিদুলের ছেলে সমেজ, নাটোর জেলার মৃত মান্নানের ছেলে নয়ন বিশ্বাস এবং নজরুলের ছেলে তুহিন।
দুর্ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধার অভিযান শুরু করেন। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠান।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ডা. সাদিকুর রহমান জানান, হাসপাতালে ১৫ জনের মরদেহ আনা হয়েছে। এছাড়া গুরুতর আহত অবস্থায় আরও কয়েকজন ভর্তি রয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা সংকটাপন্ন।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে এবং নিহতদের পরিচয় শনাক্তের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।