শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
বেনাপোল প্রতিনিধিঃ যশোরের বেনাপোলে পারিবারিক সম্পত্তি ভাগাভাগি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চরম আকার ধারণ করায় সংবাদ সম্মেলন করেছেন ছোট ভাই নাসির উদ্দিন। তিনি তার বড় ভাই রহমত আলীর বিরুদ্ধে নিজ নামে রেকর্ডকৃত সম্পত্তি জবরদখল, ভোগদখল এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ তুলেছেন।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুর ১২টার দিকে বেনাপোল বলফিল্ড এলাকায় বিরোধপূর্ণ ডাবল ইউনিটের তিনতলা বিশিষ্ঠ বাড়িসহ সম্পত্তির ওপর দাঁড়িয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নাসির উদ্দিন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, দীর্ঘদিন ধরে তার আপন বড় ভাই রহমত আলী মানবিক সম্পর্কের সুযোগ নিয়ে তার নামে থাকা সম্পত্তি দখল করে ভাড়া দিয়ে আসছেন। তিনি নিজের অংশে বসবাসের ইচ্ছা প্রকাশ করলে বিভিন্নভাবে হয়রানি করা হয় এবং খুন-জখমের ভয়ভীতি দেখানো হয় বলে অভিযোগ করেন।
নাসির উদ্দিন আরও জানান, শুধু তার নিজের অংশই নয়, তাদের মায়ের নামে থাকা সম্পত্তিও রহমত আলী এককভাবে ভোগদখল করে রেখেছেন। তিনি দীর্ঘদিন ঢাকায় বসবাস করায় এবং একই বাবা-মায়ের সন্তান হওয়ায় ভাইয়ের প্রতি আস্থার কারণে বিষয়টি নিয়ে আগে কোনো পদক্ষেপ নেননি। তবে বর্তমানে তার প্রয়োজনীয় সম্পত্তির অংশ বুঝে নিতে গেলে বড় ভাই ক্ষমতার অপব্যবহার করে জমি ভাগ দিতে অস্বীকৃতি জানাচ্ছেন বলে দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে নাসির উদ্দিন তার নামে রেকর্ড ও মিউটেশনকৃত জমির কাগজপত্র উপস্থাপন করেন। উপস্থাপিত নথি অনুযায়ী, অনলাইন ডিসিআর নম্বর ডিসিআর ২৬৪১৯০০৪৮১৭৭২৯, জমার তারিখ ৫ এপ্রিল ২০২৬। সংশ্লিষ্ট মিউটেশন মামলা নম্বর ১৭৭২৯ (IX-1)/২০২৫-২৬ এবং মিউটেশন আদেশের তারিখ ৪ এপ্রিল ২০২৬।
নথিতে দেখা যায়, আবেদনকারী নাসির উদ্দিন। তার নামে মিউটেশন খতিয়ান নম্বর ২০২৬-১০০০৫২ এবং হোল্ডিং নম্বর ২০২৬-১০০০৫২ ইস্যু করা হয়েছে। জমির অবস্থান বেনাপোল মৌজায়, জে.এল. নম্বর ৪৮, বিআরএস খতিয়ান নম্বর ৭১৭, দাগ নম্বর ১২১৯, এবং জমির পরিমাণ ০.১৩৩৪ একর।
উপস্থাপিত ডিসিআর নথিতে সহকারী কমিশনার (ভূমি), শার্শা, যশোর মোঃ নিয়াজ মাখদুমের স্বাক্ষর রয়েছে। ভূমি মন্ত্রণালয়ের ২ নভেম্বর ২০২১ তারিখের পরিপত্র অনুযায়ী অনলাইন ডিসিআর প্রক্রিয়ায় নথিটি প্রদান করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে নাসির উদ্দিন তার ন্যায্য অংশ বুঝে পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এবং সম্পত্তি নিয়ে চলমান বিরোধের সুষ্ঠু সমাধান দাবি জানান।
তবে এ বিষয়ে অভিযুক্ত বড় ভাই রহমত আলী সম্প্রতি নাশকতার মামলায় আটক হয়ে জেলখানায় থাকায় তাৎক্ষণিকভাবে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।