রবিবার, ২১ জুন ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, যশোর:
যশোরে অভিযান চালিয়ে প্রায় ৭ কোটি ৬৮ লাখ ৩৬ হাজার টাকা মূল্যের ৩ কেজি ৬৪১ গ্রাম ওজনের ৩১টি স্বর্ণের বার, একটি প্রাইভেট কার, তিনটি মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।
শনিবার (২০ জুন) দিবাগত রাত ২টার দিকে যশোর-নড়াইল মহাসড়কে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) সদর গেটের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ আভিযানিক দল একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ৩১টি স্বর্ণের বার উদ্ধার করে। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৩ কেজি ৬৪১ গ্রাম, যার বাজারমূল্য প্রায় ৭ কোটি ১৩ লাখ ৪৫ হাজার ৩৯৫ টাকা। এছাড়া জব্দ করা হয় ৫৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের একটি প্রাইভেট কার, ৩৬ হাজার টাকা মূল্যের তিনটি মোবাইল ফোন এবং নগদ ৪ হাজার ৮১৫ টাকা।
বিজিবি জানায়, উদ্ধারকৃত স্বর্ণ বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)-এর মাধ্যমে পরীক্ষা করে খাঁটি স্বর্ণ হিসেবে নিশ্চিত করা হয়েছে। উদ্ধার হওয়া স্বর্ণ, প্রাইভেট কার, মোবাইল ফোন ও নগদ অর্থসহ জব্দকৃত মালামালের মোট বাজারমূল্য ৭ কোটি ৬৮ লাখ ৩৬ হাজার ২১০ টাকা।

যশোরে ৭ কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণের চালান জব্দ, ২ জন আটক
আটক ব্যক্তিরা হলেন— খন্দকার মাহাবুবুল হক (৪৫), নড়াইল জেলার নড়াগাতী থানার খাসিয়াল গ্রামের বাসিন্দা এবং মো. আনিস (৩৬), যশোর সদর উপজেলার বালিয়া ভেকুটিয়া গ্রামের বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, ঢাকার ধোলাইপাড় এলাকার একটি চোরাকারবারী চক্রের কাছ থেকে তারা স্বর্ণের বার সংগ্রহ করেন। পরে সড়কপথে যশোর হয়ে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পাচারের পরিকল্পনা ছিল।
বিজিবি জানিয়েছে, আটক দুই আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি উদ্ধারকৃত স্বর্ণ যশোর কোতোয়ালি থানার মাধ্যমে সরকারি ট্রেজারিতে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান (পিএসসি) বলেন, সীমান্ত এলাকায় স্বর্ণ, মাদক ও সব ধরনের চোরাচালান রোধে বিজিবির জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। দেশের সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।