রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
বেনাপোল প্রতিনিধি: বেনাপোল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নামাজগ্রাম-দুর্গাপুর এলাকায় বিএনপির ধারাবাহিক গণসংযোগ কর্মসূচিতে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ, তাদের কথা শোনা এবং এলাকার বিভিন্ন সমস্যা ও প্রত্যাশা জানার লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচির আজ ছিল পঞ্চম দিন।
গণসংযোগকালে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নামাজগ্রাম-দুর্গাপুরের বিভিন্ন পাড়া-মহল্লায় ঘুরে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় ও মতবিনিময় করেন। এ সময় এলাকার নাগরিক সমস্যা, রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, পানি নিষ্কাশনসহ বিভিন্ন বিষয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেন তারা। পাশাপাশি এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকার এবং জনগণের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন নেতাকর্মীরা।
এ সময় নেতাকর্মীরা বলেন, জনগণের কাছে গিয়ে তাদের কথা শোনা এবং জনগণের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করাই এ গণসংযোগের মূল লক্ষ্য। সাধারণ মানুষের মতামত ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে ভবিষ্যতের কর্মকৌশল নির্ধারণ করা হবে। ধারাবাহিকভাবে পৌরসভার বিভিন্ন এলাকায় এ ধরনের গণসংযোগ অব্যাহত থাকবে বলেও জানান তারা।
গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি মো. শাহাবুদ্দিন, সহ-সভাপতি শাহাদুর রহমান খোকন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, কৃষিবিষয়ক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সরদার, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মইদুল ইসলাম ও বিএনপি নেতা আজগর আলী।
এ ছাড়া বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ, সাবেক ছাত্রদল নেতা মিজানুর রহমান মিজান, বেনাপোল পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক জনি হায়দার, ইয়াসিন মোড়ল লাফু, আশরাফুজ্জামান মির্জা, মফিজুর রহমান, হযরত আলী, যশোর জেলা কৃষকদলের আহ্বায়ক কমিটির সদস্য লিটন মাহমুদ, বেনাপোল পৌর কৃষকদলের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল তুহিন হোসেন, আতিকুর জামান সনি, মহাসিন আলম, যুবনেতা রেজাউল ইসলাম রেজা, যুবনেতা মনির হোসেন ও শ্রমিক নেতা আহমদ আলীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
গণসংযোগ চলাকালে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নেতাকর্মীদের আন্তরিক পরিবেশে মতবিনিময় করতে দেখা যায়। নেতাকর্মীদের দাবি, ধারাবাহিক এ কর্মসূচির মাধ্যমে নামাজগ্রাম-দুর্গাপুর এলাকার সাধারণ মানুষের সঙ্গে তাদের যোগাযোগ আরও ঘনিষ্ঠ হচ্ছে।
আয়োজকরা জানান, বেনাপোল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নামাজগ্রাম-দুর্গাপুরের আংশিক এলাকায় এ গণসংযোগ কর্মসূচি ধারাবাহিকভাবে চলবে। আগামী দিনগুলোতেও স্থানীয় জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ করে তাদের সমস্যা ও প্রত্যাশা জানার পাশাপাশি জনগণের পাশে থাকার কার্যক্রম অব্যাহত রাখা হবে।