বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও পথসভা করেছে বাগআঁচড়া ইউনিয়ন বিএনপি।
মঙ্গলবার রাতে শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আলহাজ্ব কুদ্দুস আলী বিশ্বাসের নির্দেশনায় বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির কার্যালয় থেকে প্রতিবাদ মিছিলটি বের হয়। মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে যশোর-সাতক্ষীরা মহাসড়ক ঘুরে পুনরায় বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবিরের সঞ্চালনায় ইউনিয়ন বিএনপি’র সভাপতির বক্তব্যে আসাদুজ্জামান মিঠু বলেন, বাগআঁচড়ার মাটিতে কোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলা বরদাশত করা হবে না। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছেন।
এ পথসভায় আরও বক্তব্য দেন শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন। এ সময় তিনি বলেন, এলাকার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো অপশক্তি যেন অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
এছাড়াও উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সহ-সভাপতি মোনায়েমি হোসেন ও শাহজাহান কবির, শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসানসহ বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।