রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
বিবিএস নিউজ ডেস্ক: জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল অবদান ও কৃতিত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতিস্বরূপ আজ প্রদান করা হচ্ছে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’। এ বছর ১৫ জন বিশিষ্ট ব্যক্তি এবং ৫টি প্রতিষ্ঠান এই মর্যাদাপূর্ণ পুরস্কারে ভূষিত হচ্ছেন।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল ৪টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান মনোনীতদের হাতে পুরস্কার তুলে দেবেন বলে প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে।
এবার স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে (মরণোত্তর) এই সম্মাননা প্রদান করা হচ্ছে।
এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য মনোনীতদের তালিকায় রয়েছেন মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ ভূমিকার জন্য মেজর মোহাম্মদ আবদুল জলিল (মরণোত্তর), বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক জহুরুল করিম, সাহিত্যে আশরাফ সিদ্দিকী (মরণোত্তর), সংস্কৃতিতে জনপ্রিয় উপস্থাপক হানিফ সংকেত, সংগীতে বশীর আহমেদ (মরণোত্তর), ক্রীড়ায় টেবিল টেনিস তারকা জোবেরা রহমান লিনু এবং সমাজসেবায় ডা. জাফরুল্লাহ চৌধুরী (মরণোত্তর)।
এছাড়া সমাজসেবা, জনপ্রশাসন, গবেষণা ও পরিবেশ সংরক্ষণসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য আরও কয়েকজন গুণী ব্যক্তিকে এই সম্মাননা প্রদান করা হচ্ছে।
প্রতিষ্ঠান পর্যায়ে মুক্তিযুদ্ধে অবদানের জন্য ফৌজদারহাট ক্যাডেট কলেজ, চিকিৎসা সেবায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, পল্লী উন্নয়নে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ), সমাজসেবায় এসওএস চিলড্রেনস ভিলেজ এবং গণস্বাস্থ্য কেন্দ্রকে নির্বাচিত করা হয়েছে।
উল্লেখ্য, ১৯৭৭ সাল থেকে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রতিবছর এই পুরস্কার প্রদান করা হয়ে আসছে। পুরস্কারপ্রাপ্তদের প্রত্যেককে ৫০ গ্রাম ওজনের স্বর্ণপদক, পদকের প্রতিরূপ, ৫ লাখ টাকার চেক এবং সম্মাননাপত্র প্রদান করা হয়।
জাতীয় জীবনে অসামান্য অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মানিত করার মাধ্যমে এই পুরস্কার দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় অনুপ্রেরণা জোগাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।