শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি: যশোরের ঝিকরগাছায় ২ কেজি গাঁজাসহ মোঃ শামীম বাবু (২১) নামে এক যুবককে আটক করেছে নাভারন হাইওয়ে থানা পুলিশ।
এ সময় গাঁজা বহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। তবে মোটরসাইকেলে থাকা অপর এক ব্যক্তি পালিয়ে গেছেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল আনুমানিক ৫টা ৩৫ মিনিটে ঝিকরগাছা থানাধীন নাভারণ পুরাতন বাজারের নাভারণ সেতুর পূর্ব পাশে বেনাপোল-যশোর মহাসড়কে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, নাভারন হাইওয়ে থানার ইনচার্জ এসআই (নিঃ) মোঃ কেরামত আলীর নেতৃত্বে পুলিশের একটি দল জরুরি মোবাইল ডিউটি করছিল।
এ সময় নাভারণ থেকে যশোরগামী একটি মোটরসাইকেলে দুই ব্যক্তিকে দেখে সন্দেহ হলে পুলিশ থামার সংকেত দেয়। তখন একজন মোটরসাইকেল থেকে নেমে দৌড়ে পালিয়ে যান। অপর ব্যক্তি শামীম বাবুকে ২ কেজি গাঁজা ও মোটরসাইকেলসহ আটক করা হয়।
আটক শামীম বাবু যশোরের বেনাপোল থানার রঘুনাথপুর গ্রামের সোহেল রানার ছেলে।
এ ঘটনায় ১৪ অক্টোবর ২০২৬ তারিখে ঝিকরগাছা থানায় মামলা নম্বর ১৪ রুজু করা হয়েছে।