শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
বেনাপোল প্রতিনিধি: বেনাপোল স্থলবন্দরের ৩১ নম্বর কাঁচামাল ইয়ার্ডে আমদানিকৃত ফল ও কাঁচামাল খালাস নিয়ে চরম ভোগান্তির অভিযোগ উঠেছে। পণ্য খালাসে দীর্ঘসূত্রতা, শুল্ক নির্ধারণে অসংগতি, অতিরিক্ত শুল্ক আদায় এবং সিঅ্যান্ডএফ এজেন্টদের হয়রানির কারণে ক্ষুব্ধ হয়ে উঠেছেন আমদানিকারক ও সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, কাস্টমসের সহকারী কমিশনার (এসি) আরিফুল ইসলামের খামখেয়ালিপনা ও দাপ্তরিক কাজে অযথা বিলম্বের কারণে বন্দরের কাঁচামাল আমদানি কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এর ফলে সময়মতো পণ্য খালাস করা সম্ভব হচ্ছে না। বিশেষ করে পচনশীল ফল ও কাঁচামাল দীর্ঘ সময় বন্দরে পড়ে থাকায় নষ্ট হচ্ছে, আর লোকসানের মুখে পড়ছেন আমদানিকারকরা।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সিঅ্যান্ডএফ এজেন্ট ও সংশ্লিষ্ট কর্মীরা জানান, আমদানিকৃত পণ্য খালাসের প্রয়োজনীয় ফাইল ও কাগজপত্রে স্বাক্ষর করতে দীর্ঘ সময় নেওয়া হয়। ফলে পণ্য বন্দরে পৌঁছানোর পরও খালাস প্রক্রিয়া আটকে থাকে। প্রচণ্ড গরমে দীর্ঘ সময় পড়ে থেকে আপেল, আনার, টমেটোসহ বিভিন্ন ধরনের ফল ও কাঁচামাল পচে নষ্ট হচ্ছে। এতে আমদানিকারকদের বিপুল আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। তাদের আরও অভিযোগ, সংশ্লিষ্ট কর্মকর্তা নিজের খেয়ালখুশিমতো অফিসে আসা-যাওয়া এবং দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করায় স্বাভাবিক পণ্য খালাস প্রক্রিয়ায় বিঘ্ন ঘটছে।
অন্যদিকে আমদানিকৃত ফলের ওজন নির্ধারণ ও শুল্ক আদায় নিয়েও অসন্তোষ দেখা দিয়েছে। ব্যবসায়ীদের অভিযোগ, পণ্যের প্রকৃত নিট ওজনের পরিবর্তে গ্রোস ওজনের ভিত্তিতে শুল্কায়ন করা হচ্ছে। এর ফলে প্রায় ৩০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত ডিউটি পরিশোধ করতে হচ্ছে বলে দাবি করেছেন তারা। শুধু তাই নয়, পণ্য পরীক্ষার নামে ফলের কার্টন খুলে ফল ছড়িয়ে-ছিটিয়ে রাখার কারণে অনেক পণ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে আমদানিকারকদের আর্থিক ক্ষতির পরিমাণ আরও বাড়ছে।
বেনাপোল ও ভোমরা স্থলবন্দরের মধ্যে একই ধরনের পণ্যের শুল্কায়ন ও টিআর নির্ধারণে পার্থক্য নিয়েও প্রশ্ন তুলেছেন ব্যবসায়ীরা। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, বেনাপোল স্থলবন্দরে প্রতি বাক্স আপেলের টিআর ১ দশমিক ৩০ কেজি, টমেটোর ১ দশমিক ৭০ কেজি এবং আনারের ২ দশমিক ৭০ কেজি নির্ধারণ করা হচ্ছে। বিপরীতে ভোমরা স্থলবন্দরে আপেল ও টমেটোর ক্ষেত্রে ২ দশমিক ২০ কেজি এবং আনারের ক্ষেত্রে ৩ দশমিক ৫০ কেজি ধরা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। একই দেশের প্রশাসন ও কাস্টমসের অধীনে পরিচালিত দুটি স্থলবন্দরে একই ধরনের পণ্যের টিআর নির্ধারণে এমন পার্থক্যের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন আমদানিকারকরা। তাদের দাবি, শুল্কায়ন পদ্ধতিতে সমতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
পণ্য খালাসে বিলম্বের প্রভাব পড়ছে বন্দরের যানবাহন চলাচলেও। আমদানিকৃত মাছ ও ফলবাহী ট্রাক নির্ধারিত সময়ে খালাস না হওয়ায় অনেক সময় রাত পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে চালকদের। রাত ১১টার পর বাসকল ও বন্দরের গেট বন্ধ হয়ে যাওয়ায় অনেক পণ্যবাহী গাড়ি সময়মতো বন্দর এলাকা থেকে বের হতে পারে না। এতে পরিবহন ব্যবস্থায় জটিলতা তৈরি হওয়ার পাশাপাশি পচনশীল পণ্য নষ্ট হওয়ার ঝুঁকি বাড়ছে। একই সঙ্গে বাড়ছে পরিবহন খরচ ও ব্যবসায়িক লোকসান।
ব্যবসায়ীরা জানান, এভাবে ভোগান্তি চলতে থাকলে বেনাপোল স্থলবন্দর দিয়ে ফল ও কাঁচামাল আমদানিতে ব্যবসায়ীদের আগ্রহ কমে যাবে। ইতোমধ্যে অনেক আমদানিকারক বিকল্প বন্দর দিয়ে পণ্য আমদানির চিন্তাভাবনা করছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এতে দেশের অন্যতম বৃহৎ এই স্থলবন্দরের আমদানি বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। পাশাপাশি বন্দরকেন্দ্রিক ব্যবসায়ী, সিঅ্যান্ডএফ এজেন্ট, কর্মচারী, পরিবহন শ্রমিক ও শ্রমজীবী মানুষের কর্মসংস্থানও হুমকির মুখে পড়তে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
ব্যবসায়ী সূত্রে আরও জানা যায়, সহকারী কমিশনার আরিফুল ইসলাম এর আগে বেনাপোল কাস্টমসে সুপারিনটেনডেন্ট হিসেবে কর্মরত ছিলেন। পরবর্তী সময়ে সহকারী কমিশনার পদে পদোন্নতি পাওয়ার পর থেকেই তার কার্যক্রম নিয়ে অসন্তোষ বেড়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। দায়িত্ব পালনে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি পণ্য খালাসে অযথা বিলম্ব, অতিরিক্ত শুল্ক আদায় এবং হয়রানির অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করা হোক।
এ পরিস্থিতিতে বেনাপোল স্থলবন্দরের ৩১ নম্বর কাঁচামাল ইয়ার্ডে পণ্য খালাস কার্যক্রম স্বাভাবিক করা, পচনশীল পণ্য দ্রুত খালাসের ব্যবস্থা, শুল্কায়নে বৈষম্য ও অসংগতি দূর করা এবং সিঅ্যান্ডএফ এজেন্ট ও আমদানিকারকদের হয়রানি বন্ধে জাতীয় রাজস্ব বোর্ডসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ব্যবসায়ীরা।